- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ডা. ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সামনে এগিয়ে নিতে চায় জামায়াত। অতীত নিয়ে বিভাজন বা সংঘাত নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের আমির। এদিন উত্তর কাফরুল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সবাই যেন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার চালান। তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত—কারও ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা থাকা উচিত নয়। জনগণ যাকে গ্রহণ করবে, সেটিকেই সম্মান জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের আমির বলেন, কাফরুল এলাকায় জলাবদ্ধতা, সড়ক অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা সমস্যার সমাধান প্রয়োজন। এখানে মানসম্মত হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, পার্ক ও হাঁটার উপযোগী পরিবেশের অভাব রয়েছে। এসব সংকট সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
শফিকুর রহমান আরও বলেন, এই এলাকা নিয়ে তাঁর আলাদা স্বপ্ন ও দায়বদ্ধতা রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাফরুলকে একটি আদর্শ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার কথা উল্লেখ করে তিনি বিদ্যালয়ের উন্নতি ও সাফল্য কামনা করেন এবং এতে আবেগাপ্লুত হওয়ার কথাও জানান।
নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নারী সমাবেশে অংশ নেবেন জামায়াতের আমির। এরপর মাগরিব ও এশার নামাজের পর মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে।