Thursday, September 10, 2026

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর


প্রতীকী ছবিঃ নির্বাচন কমিশন (ইসি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

আগামী ২৯ অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইসি তফসিল চূড়ান্ত করার পর কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে নির্বাচনের সময়সূচি তুলে ধরেন।

তফসিল অনুযায়ী, উপনির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ইতোমধ্যে দেলাওয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দলটি। তবে দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমীন এবং মেয়ে শামারুহ মির্জার নাম।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এখন প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন