Thursday, September 10, 2026

‘সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাওয়ার চেষ্টা করছে’: নাহিদ ইসলাম


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৮০-এর দশক নিয়ে নতুন করে যে প্রবণতা তৈরি হয়েছে, সরকারের কর্মকাণ্ডেও যেন সেই সময়ের ছাপ দেখা যাচ্ছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাওয়ার কথা, তখন সরকারকে যেন পেছনের দিকে হাঁটতে দেখা যাচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড চলছে। সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারাও হয়তো সেই সময়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের মতো বিষয়গুলো সেই আশঙ্কাই তৈরি করছে।

তবে সরকারকে ইতিবাচকভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও যেন কোনোভাবেই উন্নয়ন ও অগ্রগতির পথে পিছিয়ে না পড়ে, সেটিই সবার প্রত্যাশা।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবায়ন হলে লিখিত পরীক্ষার তুলনায় মৌখিক পরীক্ষার প্রভাব অনেক বেড়ে যাবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে।

নাহিদ ইসলাম বলেন, সাধারণ সরকারি চাকরির পরীক্ষায় ভাইভার জন্য ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর রাখা উচিত। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর এ ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। রাজনৈতিক বিবেচনায় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে যদি সরকারের যৌক্তিক কারণ থাকে, তাহলে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে।

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, কোটা ইস্যুর কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আছেন। একইভাবে ভাইভা নম্বর বাড়ানোর সিদ্ধান্ত ভবিষ্যতে সরকারকে কোথায় নিয়ে যাবে, সেটিও তারা বুঝতে পারবেন না। তাই রাজনৈতিক কারণে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর পার হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের পর দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। নির্বাচিত সরকারের সামনে জনগণের কাছে দেওয়া অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করা হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমান।

আলোচনা সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন