- ২৬ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
অন্তর্বর্তী সরকারের সময়ে পৃষ্ঠপোষকতা পাওয়া তথাকথিত ‘কিংস পার্টি’গুলোকে গুপ্তচরদের প্রক্সি সংগঠন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর অভিযোগ, এসব রাজনৈতিক গোষ্ঠী জাতীয় ঐক্য নষ্ট করে দেশে বিভাজন, বিদ্বেষ ও ঘৃণার পরিবেশ তৈরি করেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে নুরুল হক নুর বলেন, জুলাই-পরবর্তী সময়ে যারা নেতৃত্বে এসেছেন, তাঁদের অনেকে রাজনৈতিক দিকনির্দেশনা হারিয়েছেন। তাঁর মতে, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে নতুন বাংলাদেশ গড়ার কাজে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা তথাকথিত কিংস পার্টিগুলোর কারণে সেই ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই এসব গোষ্ঠীর রাজনৈতিক ভূমিকা স্পষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, তারা একটি বিশেষ মহলের স্বার্থে কাজ করছে এবং বিভাজন ও বিদ্বেষ ছড়িয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
সংসদে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা চলছে। জনগণ একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ প্রত্যাশা করেছিল। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে একটি গোষ্ঠী ও পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে বলে তিনি অভিযোগ করেন।
নুরের ভাষ্য, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত করা এবং বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা চলছে।
দেশে উগ্রবাদ ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, নিজেদের অতীত পরিচয়ের দায় আড়াল করতে একটি গোষ্ঠী জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে উগ্রবাদ বিস্তারের চেষ্টা করছে এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সরকারের ভেতরে কেউ স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রশ্রয় দিলে গণঅধিকার পরিষদ কঠোর অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন নুর। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজপথের কর্মী হিসেবেও এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট দেখতে চান তিনি।
অনুষ্ঠানে পিরোজপুরে এক মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগেরও সমালোচনা করেন নুরুল হক নুর। তিনি বলেন, জুলাইয়ের চেতনার কথা বললেও একটি গোষ্ঠী মুক্তিযোদ্ধার দাফন ও কবর খোঁড়ার কাজে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে মৃত ব্যক্তির স্ত্রী ও মেয়েকে কবর খুঁড়তে হওয়াকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।