- ০৫ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশের ভেতরের ৮১টি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্রিফিংয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করে কমিশনার সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এই নির্বাচনে প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।