Thursday, March 5, 2026

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট প্রভাবিত করা হচ্ছে; অভিযোগ বিএনপির


ছবিঃ বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ধর্মীয় বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষ পরিবেশকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি এ ধরনের কর্মকাণ্ডকে নির্বাচনী আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ এলাকায় বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নির্বাচনী সফরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে। বিপুল মানুষের উপস্থিতির কারণে কিছু কর্মসূচি বিলম্বিত হলেও জনগণের উৎসবমুখর অংশগ্রহণ তারেক রহমানের প্রতি আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন জানান, আসন্ন নির্বাচনে ২৮৭টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৮৫ জন সাবেক সংসদ সদস্য এবং ১৯ জন বিভিন্ন সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপিকে অন্যান্য দল থেকে আলাদা অবস্থানে রেখেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীদের মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং নারী প্রতিনিধিত্ব বাড়াতে দলটি ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও কিছু রাজনৈতিক দল একজন নারী প্রার্থীও না দেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করে, অতীতের দমন-পীড়নের সময় সবচেয়ে বেশি গুম, খুন ও মামলার শিকার হয়েছে দলটির নেতাকর্মীরা। গুমের শিকার তিনজন ব্যক্তি বর্তমানে বিএনপির প্রার্থী এবং গুম হওয়া পরিবারের সদস্য হিসেবেও দুজন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান মাহদী আমিন।

মাহদী আমিন অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট চাইছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঈমান রক্ষার জন্য নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে হবে’—এ ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এটি গণপ্রতিনিধিত্ব আদেশের সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিএনপি আরও অভিযোগ করে, কিছু দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের জাতীয় পরিচয়পত্রের কপি, মোবাইল নম্বর ও মোবাইল ব্যাংকিং তথ্য সংগ্রহ করছেন। এসব তথ্য ব্যবহার করে ভুয়া ভোট কিংবা আর্থিক প্রলোভনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মাহদী আমিন। এ বিষয়ে নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের বিষয়েও আপত্তি তোলে বিএনপি। মাহদী আমিন বলেন, স্থানীয় বাসিন্দাদের দিয়ে দায়িত্ব পালন করালে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ থানার বাইরে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন