- ০৫ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সারাদিন সকল ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে বন্দর এলাকায় পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে সাময়িক বিরতি দেখা গেছে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দিবসটি উপলক্ষে ভারতের দিক থেকে কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি এবং একইভাবে বাংলাদেশ থেকেও কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি। তবে এই সাময়িক বন্ধ কেবল বাণিজ্যিক কার্যক্রমে প্রযোজ্য ছিল।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, ভারতের জাতীয় দিবসের কারণে একদিনের জন্য দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে পণ্য আদান–প্রদান শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়মিতভাবে দুই দেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু রাখা হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, একদিনের এই বন্ধে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না এবং নির্ধারিত সময়েই পণ্য পরিবহন কার্যক্রম পুনরায় শুরু হবে।