Sunday, November 22, 2026

নিজামী-সাঈদীর মতো শেখ হাসিনারও ফাঁসি হবে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী


ফাইল ছবিঃ শেখ হাসিনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো শেখ হাসিনারও ফাঁসি হবে। তাঁকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৯০০টি মামলা রয়েছে। এসব মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা ও সাজা কার্যকরের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা কেন বিচারের বাইরে থাকবেন?

জামায়াতে ইসলামীর সাবেক নেতাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের সাজা কার্যকর করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় যথাযথ চিকিৎসার সুযোগ না পেয়ে তাঁকে কারাগারে কষ্ট ভোগ করতে হয়েছে।

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, একরামুল হক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে তাঁকে কেন হত্যা করা হয়েছিল, সেই ঘটনার জবাব দিতে হবে। এ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও আবদুর রহমান বদিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ছাড়া অতীতে বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও কথিত ক্রসফায়ারের ঘটনাগুলোর বিচার দাবি করেন তিনি। জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে এসব ঘটনারও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সংসদ সদস্য। তিনি বলেন, এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও মানব পাচার বন্ধ করতে হবে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এ জন্য সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে সক্রিয় করার কথা জানান তিনি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের জিম্মিদশা থেকে মুক্ত করার আশ্বাসও দেন।

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, বর্ষা শেষ হওয়ায় এখন টেকনাফে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। স্থলবন্দরকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি নতুন আরেকটি বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যের একপর্যায়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভুল করলে তার চরম মাশুল দিতে হবে। এ সময় ‘একটা ঘর জ্বললে দশটা ঘর জ্বলবে’ বলেও মন্তব্য করেন তিনি। কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন এই সংসদ সদস্য।

সমাবেশে টেকনাফ উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন