- ০৫ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাবের তথ্য তলব করার পর নিজের এবং পরিবারের সদস্যদের মোট নয়টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকাশিত তথ্য অনুযায়ী, সব মিলিয়ে এসব হিসাবে বর্তমানে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা রয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। আসিফ মাহমুদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
আসিফ মাহমুদ জানান, তাঁর নিজের নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। একটি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। সরকারে দায়িত্ব পালনকালে খোলা একটি বেতনভিত্তিক হিসাবে গত ১৬ মাসে বেতন-ভাতা ও বিদেশ সফরের সরকারি বিলসহ মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা জমা হয়েছে এবং ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে দুই হিসাবে মিলিয়ে তাঁর কাছে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।
তিনি আরও জানান, তাঁর বাবার নামে পাঁচটি ব্যাংক হিসাব আছে। সেখানে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের বিপরীতে এখনও ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি রয়েছে। সব হিসাব সমন্বয় করলে তাঁর বাবা প্রায় ৮২ হাজার টাকার দেনায় আছেন বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া মায়ের নামে একটি হিসাবে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর নামে একটি হিসাবে ৬১৩ টাকা রয়েছে বলে জানান আসিফ মাহমুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগে নিজের আয়-সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ জমা দিয়েছিলেন। তারপরও নতুন করে বিতর্ক তৈরি হওয়ায় জনগণের সামনে ব্যাংক হিসাব প্রকাশ করা প্রয়োজন মনে করেছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি বিএফআইইউ ৫৬ জনের ব্যাংক হিসাবের তথ্য তলব করলেও শুধু তাঁর বিষয়টি আলাদাভাবে প্রচার করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য, প্রকৃত অনুসন্ধান হলে তা স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া উচিত, কিন্তু নির্দিষ্টভাবে তাঁর নাম সামনে আনা হয়েছে চরিত্রহননের উদ্দেশ্যে।
২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন আসিফ মাহমুদ। গত ডিসেম্বরে পদত্যাগের আগে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ছিল ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা।
নিজের বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে প্রয়াত খালেদা জিয়া-র বিরুদ্ধে অতীতে ওঠা দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, গণমাধ্যম ও বিভিন্ন মহল ব্যবহার করে বিভ্রান্তিকর বয়ান তৈরি করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণ সত্য বুঝতে পারে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যতেও তিনি স্বচ্ছতা ও জবাবদিহির নীতিতে অটল থাকবেন এবং রাজনৈতিকভাবে যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।