- ০৫ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি সই হয়েছে, তা দেশের অর্থনীতি ও শিল্পখাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা দাবি জানান, বিষয়টি সংসদে আলোচনা করে চুক্তিটি পুনর্বিবেচনা বা বাতিল করতে হবে।
সংহতি জানিয়ে বক্তব্য দেন লেখক ও গবেষক মাহা মির্জা। তিনি বলেন, নির্বাচনের মাত্র দুদিন আগে তড়িঘড়ি করে চুক্তি সম্পন্ন করা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন তুলছে। তার মতে, চুক্তিটি কার্যকর হলে দেশের পোলট্রি, ডেইরি, ওষুধশিল্প, কৃষি, মৎস্য ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, বর্তমানে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের উচিত সংসদে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া। আগামী অধিবেশনে চুক্তিটি নিয়ে আলোচনা ও জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ইরানে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের অবস্থান অস্পষ্ট ছিল। তার অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠী জাতীয় সক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরে বিদেশি শক্তির পক্ষাবলম্বন করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির বিরোধিতায় তারা নীরব রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ঢাকা মহানগর শাখার সংগঠক নাঈমুদ্দীন বলেন, যারা নিজেদের বড় রাজনৈতিক শক্তি দাবি করে, তাদের কাছ থেকে স্পষ্ট মার্কিনবিরোধী অবস্থান প্রত্যাশা করেছিল জনগণ। তিনি অভিযোগ করেন, অনেক দল প্রকাশ্যে এক কথা বললেও পর্দার আড়ালে ভিন্ন অবস্থান নেয়।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে আসে।