- ০৫ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের জয়দেবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা বাঘের বাজার এলাকায় অবস্থান নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাসে সংকেত দিয়ে থামানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে পেছনের আসনে বসা সন্দেহভাজন ব্যক্তি মো. এমদাদুল হক (৩৬)-কে আটক করা হয়।
আইনানুগ প্রক্রিয়ায় সাক্ষীদের উপস্থিতিতে তার কাছে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় ইয়াবার পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।