Tuesday, February 10, 2026

নেত্রকোনার পাঁচটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ


ছবিঃ নেত্রকোনায় ৫টি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। আজ সকালে নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা

নেত্রকোনায় পৃথক পাঁচটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত। এর মধ্যে চারটি কেন্দ্র নেত্রকোনা সদর উপজেলায় এবং একটি কেন্দ্র পূর্বধলা উপজেলায় অবস্থিত। সোমবার দিবাগত গভীর রাতে এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এসব কেন্দ্রের ভেতর ও আশপাশে আগুন দেয়। এতে তিনটি বিদ্যালয়ের কক্ষের ভেতরে থাকা ছয়টি বেঞ্চ পুড়ে যায় এবং দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আরও দুটি বিদ্যালয়ের বারান্দায় রাখা পরিত্যক্ত বেঞ্চেও আগুন দেওয়া হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

যেসব কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা কয়েকটি বিদ্যালয়ের পুরোনো জানালা খুলে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। অন্য কিছু কেন্দ্রে বিদ্যালয়ের বারান্দায় রাখা পরিত্যক্ত বেঞ্চে একই কৌশলে আগুন দেওয়া হয়। গ্রামবাসীরা আগুনের বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, চারটি কেন্দ্র ঘুরে দেখা হয়েছে। কিছু বেঞ্চ আংশিক পুড়ে গেলেও ভোট গ্রহণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। কেন্দ্রগুলোতে গ্রাম পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ক্ষয়ক্ষতি সীমিত পর্যায়ে রয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির আনোয়ারুল হক, জাতীয় নাগরিক পার্টির ফাহিম খান পাঠান, জাতীয় পার্টির এ বি এম রফিকুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুর রহিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল কাইয়ুম।

অন্যদিকে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নূরুল ইসলাম এবং বিএনপির আবু তাহের তালুকদার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন