Monday, May 18, 2026

নেইমারকে নিয়ে ইতিবাচক আনচেলত্তি, ব্রাজিল দল ঘোষণার আগে বাড়ছে জল্পনা


ফাইল ছবিঃ নেইমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার থাকছেন কি না—ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এটি। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমরো’ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি।

দীর্ঘদিনের চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে সাম্প্রতিক সময়ে মাঠে ফিরেছেন তিনি এবং ধীরে ধীরে ছন্দেও ফেরার চেষ্টা করছেন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট করেছিলেন, পুরোপুরি ফিট এবং প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখাতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে নেইমারকে।

রোববার সান্তোসের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। তিনি জানান, দলে জায়গা পাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি কোচের ওপর নির্ভর করছে।

নেইমার বলেন, “আমি কঠোর পরিশ্রম করেছি এবং করে যাচ্ছি। আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত কোচ নেবেন। যদি সুযোগ না-ও পাই, তবুও সাধারণ সমর্থক হিসেবে ব্রাজিলের জন্য সমর্থন জানাব।”

এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনচেলত্তিও নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, নেইমার শুধু সমর্থকদের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও অত্যন্ত জনপ্রিয়। দলের পরিবেশ ও ড্রেসিংরুমে তার উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।

আনচেলত্তি বলেন, “নেইমারকে দলে রাখলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হবে না। সে দলের সবার প্রিয় এবং অভিজ্ঞ একজন ফুটবলার।”

সব মিলিয়ে ব্রাজিলের চূড়ান্ত দলে নেইমারের নাম থাকবে কি না, সেটিই এখন সেলেসাও সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন