Thursday, October 8, 2026

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের ভিডিও ভাইরাল, ঘটনাটিকে ‘ভুয়া’ বলছে তাঁর ফেসবুক পেজ


ফাইল ছবিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাঁর বাড়িতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

বুধবার (৭ অক্টোবর) রাতে প্রকাশিত এক ফেসবুক পোস্টে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। বাস্তবে এমন ঘটনা না ঘটলেও এ ধরনের ভিডিও তৈরি ও প্রচারের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁর বিরুদ্ধে হামলার পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাঁর ওপর পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয়। তবে এসব ঘটনায় দৃশ্যমান বিচারিক উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তাঁর ফেসবুক পেজের অ্যাডমিন।

পোস্টে বলা হয়, হামলার ঘটনাগুলোর বিচার না হওয়ার পাশাপাশি সরকারদলীয় কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে এসব হামলাকে বৈধতা দেওয়ার প্রবণতা দেখা গেছে বলে তাঁদের অভিযোগ। সর্বশেষ আগুনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাটি আগের ঘটনাগুলোর ধারাবাহিকতা কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে তাঁকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে কি না, সে বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে পোস্টে। তাঁর বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় কি না, তা খতিয়ে দেখার আহ্বানও জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ছড়ানো কথিত মিথ্যা প্রচারণা, তাঁর ওপর আগের হামলার ঘটনা এবং সর্বশেষ অগ্নিকাণ্ডের ভিডিও প্রচারের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস, এটি কোথায় ধারণ করা হয়েছে এবং কারা এটি প্রচার করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন