- ০৮ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক । নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আবির (৩০) নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অন্য তিন শ্রমিক হলেন নাবির (২৫), নাজমুল (৩০) ও রকিব (২৫)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবিরের শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুতরতা বিবেচনায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ মিলের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে বাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হওয়ার বিষয়টি জানা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাট্টি থেকে গরম পদার্থ চুইয়ে নিচে পড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, উপজেলার আড়িয়াব এলাকায় একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।