- ২৩ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ টহল অভিযানে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২৩ মে) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জারুলিয়াছড়ি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ মৌলভীকাটা গ্রামের একটি জামে মসজিদের পাশ থেকে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ উদ্ধার করে টহলদল।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে মোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে একটি খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং অন্য সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিস ইয়াবা ছিল বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি এবং সীমান্ত নিরাপত্তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে একাধিক বড় চালান জব্দ করা সম্ভব হয়েছে।