Tuesday, April 14, 2026

নাহিদ ইসলাম: জাতীয় জীবনের ‘বকেয়া’ হচ্ছে জুলাই সনদ, দ্রুত বাস্তবায়নের দাবি


ছবিঃ পয়লা বৈশাখের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ Nahid Islam বলেছেন, জাতীয় জীবনের ‘সব বকেয়া’ পরিশোধের মতো করেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাঁর মতে, এই বকেয়াই হলো জুলাই সনদ, যা দ্রুত কার্যকর না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নববর্ষে যেমন হালখাতা খুলে পুরোনো হিসাব-নিকাশ মেটানো হয়, তেমনি রাষ্ট্রীয় জীবনের ‘বকেয়া সংস্কার’ও এখন পরিশোধ করা জরুরি। তাঁর দাবি, সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নির্বাচন ও সরকার গঠন সম্পন্ন হলেও জনগণের প্রত্যাশিত সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। এতে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গায় ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল বা উপেক্ষা করা হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

নাহিদ ইসলাম আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলো নতুনভাবে সংসদে এনে আইনগত ভিত্তি দেওয়া প্রয়োজন। পাশাপাশি গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই সনদ’কে যারা অগ্রাহ্য করার চেষ্টা করছে, তাদের উচিত জনগণের মতামতকে সম্মান করা। তাঁর মতে, গণভোটের সিদ্ধান্তই হবে ভবিষ্যৎ সংস্কারের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিবর্তন প্রয়োজন। অতীতে উৎসব ও সাংস্কৃতিক আয়োজনকে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে পুনর্গঠনের চেষ্টা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন