- ০২ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহণের একটি বাস দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসের দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত যাত্রী মারা যান। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।