Friday, October 2, 2026

ফকিরহাটে ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার


ছবিঃ নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শেখ মুজিবুর রহমান ওই এলাকার মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে। তিনি সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সর্বশেষ তাকে দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রী ও ছেলে আগেই মারা যাওয়ায় তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন