Wednesday, March 18, 2026

মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার, আটক ২


ছবিঃ ইউসুফ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুড়াতলী এলাকার একটি ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ খান স্থানীয় আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার ঘাগড়াই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিজন সিকদার ও হানিফ সিকদার নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, ইউসুফ খান মাটি ক্রয়-বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত শনিবার রাতে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে একটি কল আসে, যেখানে দাবি করা হয় পুলিশ তাঁকে আটক করেছে। তবে পরে থানা ঘুরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন রাতে ইউসুফের মাটি বহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি গাছ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে কিছু মানুষের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

একজন ট্রাকচালক জানান, ভোরের দিকে তিনি ইউসুফকে ঘটনাস্থলের কাছাকাছি দেখেছিলেন। তখন তাঁর সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তিও ছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটভাটার পাশ থেকে মাটি ও ইটের টুকরা দিয়ে চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

মির্জাপুর থানার এক কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন