- ২৬ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বৈদ্যের বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন পরিবারের বাবা হেলাল উদ্দিন।
নিখোঁজদের মধ্যে হেলাল উদ্দিনের ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে নদীতে তল্লাশি চালানোর সময় তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। তারা একটি ট্রলারে করে গরু-ছাগলসহ মোট ১৩ জন যাত্রী নিয়ে বৈদ্যের বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে মেঘনা নদীর মাঝামাঝি এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। প্রবল বাতাস ও ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি উল্টে যায় এবং যাত্রীরা নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি অভিযান চালিয়ে আসছিল। দুই দিন ধরে চলা অভিযানের একপর্যায়ে শনিবার সকালে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।