Saturday, June 20, 2026

মধুপুরে কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু


ছবিঃ মধুপুর থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো নৃ-গোষ্ঠীর চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। শনিবার সকালে উপজেলার টেলকি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেলকি গ্রামের বাসিন্দা বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), স্থানীয় বাসিন্দা ও পরিবারের জামাতা গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগলছানা এলাকার একটি বহুদিনের পরিত্যক্ত কূপে পড়ে যায়। প্রাণীটিকে উদ্ধার করতে প্রথমে কূপের ভেতরে নামে শিশু নেইমার। কিছুক্ষণ পার হলেও তার কোনো সাড়া না পেয়ে তাকে খুঁজতে নিচে নামেন বাবা বাবুল হাদিমা। এরপর একইভাবে একে একে গাব্রিয়াল ও রতন নকরেকও কূপে প্রবেশ করেন।

কিন্তু চারজনের কেউই আর ওপরে ফিরে না আসায় আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, কূপের ভেতরে অক্সিজেনের ঘাটতি বা বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর এক ফায়ারফাইটার কূপে নেমে একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক পরিবারের বাবা ও ছেলেসহ চারজনের একসঙ্গে মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।

মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান শেষে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, মরদেহগুলো গ্রহণ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন