Wednesday, October 21, 2026

সীতাকুণ্ডে বৈদ্যুতিক পোলে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ের মৃত্যু


প্রতীকী ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে একই পরিবারের মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২)। নাজমা জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী।

আহত চারজনের মধ্যে মো. আলতাফ হোসেন (৫২) নামে একজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক পোলে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রোজী আক্তার ও তাঁর মেয়ে নাজমা খাতুন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই মাইক্রোবাসের আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন