- ২৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
রুমিন ফারহানা বলেন, সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। বিশেষ করে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, বাংলাদেশের পক্ষ থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানির প্রতিশ্রুতি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত পরিবর্তনের বিষয়গুলো আলোচনায় এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যঘাটতির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে এবং সেই ঘাটতি কমাতে এই চুক্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই চুক্তির কিছু শর্ত দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় তা নিয়ে তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তার মতে, এমন গুরুত্বপূর্ণ চুক্তি একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত ছিল।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে থামিয়ে দেন এবং বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী পয়েন্ট অব অর্ডার চলমান আলোচনার সঙ্গে সম্পর্কিত হতে হয়। তিনি রুমিন ফারহানাকে যথাযথ নিয়মে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে আরও কিছু সময় চেয়ে রুমিন ফারহানা বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার চাইলে এই চুক্তি বাতিল করার সুযোগ রয়েছে। তাই বিষয়টি সংসদে এনে আলোচনা করার দাবি জানান তিনি।
তবে স্পিকার পুনরায় জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করা সম্ভব নয়।
এ ঘটনায় বাণিজ্যচুক্তি নিয়ে সংসদের ভেতরে নতুন করে আলোচনা ও বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।