- ২৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের কোটি কোটি পরিবার ও কৃষকদের জন্য চালু হওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিতে অর্থ সহায়তা দেওয়া হলেও এতে বাজেট বা মূল্যস্ফীতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদের অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সরকারপ্রধান জানান, পর্যায়ক্রমে প্রায় চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তবে একসঙ্গে এত বিপুলসংখ্যক পরিবারকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন, প্রথমে ঝুঁকিপূর্ণ ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ধাপে ধাপে তথ্য সংগ্রহ ও বাজেট বরাদ্দের মাধ্যমে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে নতুন করে টাকা ছাপানো হবে না। বরং বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে যেসব ক্ষেত্রে একই ব্যক্তি একাধিক সুবিধা পাচ্ছেন, সেগুলো পর্যালোচনা করে সমন্বয় করা হবে। এতে করে বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া অর্থ সরাসরি গ্রামীণ অর্থনীতিতে প্রবাহিত হবে। উপকারভোগীরা মূলত প্রয়োজনীয় নিত্যপণ্য ক্রয়ে এই অর্থ ব্যবহার করবেন, যা স্থানীয় উৎপাদন ও ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করবে। ফলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক গতি তৈরি হবে।
কৃষকদের জন্য চালু করা কৃষক কার্ড নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে এবং এর সুবিধা ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে, যাতে কৃষি ও সংশ্লিষ্ট খাত আরও শক্তিশালী হয়।
সরকারের দাবি, এসব কর্মসূচি কেবল সামাজিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে কাজ করবে। এতে করে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে।