- ২৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী দিক থেকে আসা একটি ট্রাক এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে রয়েছে—ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই এলাকার আট বছর বয়সী ছাদিয়া, একই উপজেলার নুরনবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন (২৮)। তারা সবাই দুর্ঘটনার সময় মাইক্রোবাসে ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
স্থানীয়দের দাবি, ওই সড়কে অতিরিক্ত গতিতে যান চলাচল এবং অপ্রতুল আলোকসজ্জার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।