- ১৯ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০০ কোটি রুপির আলোচিত অর্থ পাচার মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এই মামলায় সরকারি সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ভারতের দিল্লির পাতিয়ালা হাউস আদালতে সাম্প্রতিক শুনানিতে তিনি জানান, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে চান এবং প্রয়োজনে সরকারি সাক্ষী হিসেবে কাজ করতে প্রস্তুত।
আদালত এ বিষয়ে জানায়, এ ধরনের সিদ্ধান্তের জন্য তাকে প্রথমে আনুষ্ঠানিকভাবে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কাছে আবেদন করতে হবে। তদন্তকারী সংস্থা তার সহযোগিতা ও বক্তব্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে আদালত এ বিষয়ে ইডিকে নোটিশ জারি করেছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ২০ এপ্রিল।
এছাড়া, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আদালত জ্যাকুলিন ফার্নান্দেজকে ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতিও দিয়েছে। তবে এই সময়ের মধ্যেও তাকে তদন্তে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কারাগারের ভেতর থেকেই প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন। তদন্তে আরও জানা যায়, তিনি অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দামি উপহার প্রদান করতেন।
তদন্তকারী সংস্থার দাবি, জ্যাকুলিন ফার্নান্দেজও তার কাছ থেকে বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন, যার মধ্যে ছিল দামি গয়না, ঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। তবে অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুকেশ চন্দ্রশেখরের প্রকৃত পরিচয় কিংবা তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না।