- ০৬ মার্চ, ২০২৬
PNN। নিউজ ডেস্ক মাগুরা
মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এ ঘটনায় পুলিশ জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন— জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা (৪০) এবং আওয়ামী লীগের কর্মী উসমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল প্রায় পাঁচটার দিকে এনামুল হক হীরকের নেতৃত্বে কয়েকজন কর্মী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কের পাশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত মোনাজাত শেষে তারা স্থান ত্যাগ করেন।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এনামুল হককে বলতে শোনা যায়, গত ৫ আগস্টের পর দীর্ঘ সময় ধরে দলীয় কার্যালয় বন্ধ ছিল। তিনি দাবি করেন, এখন দেশে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি চালু হওয়া উচিত।
পতাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে পরে সেখানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কিছু কর্মী এসে পতাকা স্ট্যান্ড ভাঙচুর করেন বলে স্থানীয়রা জানান। এরপর তারা ভবনের তৃতীয় তলায় থাকা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুর রহিম বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় সাধারণ মানুষ আওয়ামী লীগকে প্রতিহত করেছে। তবে কারা কার্যালয়ে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তখনও আগুন জ্বলছিল। ভবনটির মালিকদের একজন তাহমিদ হাসান জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনও ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর ভবনটি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও আগুনে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটি কেউ নিতে আগ্রহ দেখায়নি। ফলে সেটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যালয় খোলা এবং প্রচারণা চালানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।