Wednesday, April 1, 2026

মাদ্রাসা শিক্ষায় যুক্ত হচ্ছে বাণিজ্য বিভাগ, চার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রাথমিকভাবে চারটি বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় শিক্ষাক্রম কমিটির (এনসিসি) আলোচনায় এ বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্য বিভাগ চালু হলে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্ট—এই চারটি বিষয় যুক্ত করা হতে পারে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষায় এ পরিবর্তন আনা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দক্ষ উদ্যোক্তা তৈরি সহজ হবে।

মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। এবার তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, সাধারণ শিক্ষা ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কারিকুলাম চূড়ান্তকরণ, শিক্ষক প্রশিক্ষণ ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করে ধাপে ধাপে এই বিভাগ চালু করা হতে পারে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষার পরিধি বাড়বে এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে আরও বৈচিত্র্যময় সুযোগ পাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন