- ২১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে একাধিক নতুন অধ্যায় ও বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর মধ্যে ইতিহাস, রাজনৈতিক আন্দোলন, তথ্যপ্রযুক্তি ও আধুনিক জীবনদক্ষতা–সম্পর্কিত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন পাঠ্যক্রমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলন। একই সঙ্গে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটও পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে।
প্রস্তাবিত পরিবর্তনের অংশ হিসেবে পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের “আমাদের স্মরণীয় নেতা” অধ্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি মাধ্যমিকের ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে এসব রাজনৈতিক ঘটনাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বুধবার (২০ মে) এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ঐতিহাসিক ঘটনাগুলো যথাযথভাবে পাঠ্যবইয়ে তুলে ধরা হবে। তার ভাষায়, বিভিন্ন পর্যায়ের অবদানগুলো সঠিকভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে এনসিটিবি কাজ করছে।
এনসিটিবি আরও জানিয়েছে, প্রযুক্তি শিক্ষাকে আধুনিক করার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে নতুন কয়েকটি বিষয় যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং মিডিয়া লিটারেসি।
শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এনসিটিবি সূত্র জানায়, বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে সব পাঠ্যবই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।