Tuesday, June 16, 2026

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে ঘিরে উত্তেজনা, পুলিশের কড়া নিরাপত্তা


ছবিঃ পূর্ব লন্ডনে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি পূর্বনির্ধারিত সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের আগে ও পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তিনি নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে কঠোর পুলিশি পাহারায় সভাস্থলে পৌঁছান। সেখানে বক্তব্য দেওয়ার পর একই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই অনুষ্ঠানস্থলের আশপাশে বিভিন্ন পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু বিক্ষোভকারী এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এতে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে একই দিন বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার একটি পার্কেও হাসনাত আবদুল্লাহকে ঘিরে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ও তাঁর সফরসঙ্গীরা পার্ক এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা কাছাকাছি একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন।

ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম নিক্ষেপ করা হয়। পরে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে। উপস্থিত ব্যক্তিরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, তাদের নেতাদের সফরকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সংগঠনটি এ ধরনের আচরণকে গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে উল্লেখ করে।

অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তাদের ভাষ্য, কিছু ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে থাকতে পারেন।

ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিদেশের মাটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন