Wednesday, April 15, 2026

কুয়াকাটার হোটেল থেকে যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার


ছবিঃ যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুয়াকাটার গ্র্যান্ড সাফা ইন হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফতুল্লার পঞ্চবটি এলাকার চাঁদনী হাউজিংয়ে অবস্থিত একটি গার্মেন্টস কারখানার ঝুট দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে, যেখানে কয়েকজন আহত হন।

এ ঘটনায় পরদিন ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষার্থী ও এক স্থানীয় রাজনৈতিক নেতার সন্তানও রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট একটি পক্ষের নেতাকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন