- ১৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নীলফামারী
নীলফামারীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় এলাকার বাসিন্দা মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে মো. সিহাব হোসেন (১৯) এবং তার ছোট ভাই মো. সোয়াদ (৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে তিনজন একসঙ্গে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি রাতের বেলায় ঘটায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দায়ীদের শনাক্তে চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাকচালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।