- ১৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক গৃহবধূকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই গ্রামের এক কৃষকের জমি থেকে করলা তোলার সময় ৪১ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তার কাছে একটি বস্তাভর্তি করলা পাওয়া যায়। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হলে সকাল ৯টার দিকে তার স্বামী ঘটনাস্থলে এসে পৌঁছান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে গরুর দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আশপাশে কয়েকজন ব্যক্তি লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন এবং কেউ কেউ পুরো ঘটনা মোবাইলে ধারণ করছিলেন। এক পর্যায়ে স্বামী লাঠি দিয়ে তাকে মারধর করেন। নির্যাতনের সময় ওই নারী চিৎকার করলেও তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, তার ক্ষেত থেকে প্রায়ই সবজি চুরি হচ্ছিল। এ কারণে নজরদারি বাড়ানো হয়েছিল। সকালে ওই নারীকে করলাসহ আটক করা হলে তার স্বামীকে খবর দেওয়া হয়। পরে তিনি এসে স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। নারীকে আটক করা হলেও এভাবে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। কাউকে গাছে বেঁধে মারধর করা সম্পূর্ণ বেআইনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।