- ১৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জামালপুর জেলা কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া (৬৭) অসুস্থ অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগ, অসুস্থ হওয়ার পর সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়াউল হক জিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারে থাকাকালীন দুই দিন আগে তার শারীরিক অবস্থা খারাপ হলেও যথাসময়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্বজনরা।
জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, অসুস্থ হওয়ার পরও তার বাবাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়নি। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন এবং এখনো মরদেহ বুঝে পাননি।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে জিয়াউল হক জিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বলেন, মঙ্গলবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ বেড়ে গেলে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।