- ০৬ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ (৫৫) এবং তাঁর ছেলে দুলু মিয়া (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবা-ছেলে মোটরসাইকেলে করে সরিষাবাড়ি চর এলাকায় কৃষিকাজের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি রেলক্রসিং অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। দুলু মিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট যানবাহন শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
একই দুর্ঘটনায় পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।