Sunday, May 17, 2026

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ছবিঃ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার এবং কুমিল্লা বিভাগ গঠনের দাবি জনআকাঙ্ক্ষায় পরিণত হলে সেটিও বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে যেসব অঙ্গীকার করা হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধৈর্য ধরে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর সরকার কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে বিপুল সংখ্যক কৃষক ঋণের চাপ থেকে মুক্তি পেয়েছেন।

কৃষিনির্ভর অঞ্চল হিসেবে কুমিল্লার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ কৃষিপণ্য সরবরাহ করা হয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে তিনি কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন। এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বক্তব্যে সাবেক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ নিপীড়ন ও দুর্নীতির শিকার হয়েছে। অর্থ পাচার ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। সভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন