- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ, বি ও সি—তিনটি ইউনিটের ফল একযোগে প্রকাশের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবাগত রাত ১২টার পর থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তি কার্যক্রমের জন্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক একটি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি ফি বাবদ নির্ধারিত ব্যাংকে ১৪ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও আলাদাভাবে পরিশোধ করতে হবে।
মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভর্তিকৃত শিক্ষার্থীরা ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাইগ্রেশন ‘অন’ বা ‘অফ’ করার সুযোগ পাবেন। তবে একবার ‘অফ’ করলে পরবর্তীতে তা পুনরায় ‘অন’ করা যাবে না।
সকল ভর্তি কার্যক্রম শেষে ১২ এপ্রিল থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত ও হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।