- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ সামনে এসেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন ডাকসুর সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। চিঠিতে ডাকসু ভিপি সাদিক কায়েমও স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন রাফিয়া। তিনি জানান, ডাকসু নির্বাচনের সময় শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রতিশ্রুতি তাঁর ইশতেহারের অংশ ছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তিনি এ আপডেট দিয়েছেন।
রাফিয়ার ভাষ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে তিনি এ বিষয়ে কাজ শুরু করেন। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত মডেল ও প্রশ্নপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা করেন। আইসিটি সেল, রেজিস্ট্রার ভবন, ভিসি ও প্রো-ভিসি অফিসে ধারাবাহিক যোগাযোগের পর সম্প্রতি উপাচার্য তাঁকে আশ্বস্ত করেছেন যে, বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে এবং নীতিগতভাবে সবাই সম্মতি দিয়েছেন।
তবে বিজ্ঞান অনুষদের কিছু বিভাগে ল্যাবভিত্তিক পাঠক্রম থাকায় সেখানে মূল্যায়ন কাঠামোয় কিছু কারিগরি পরিবর্তন প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে কাজ চলছে বলেও উল্লেখ করেন রাফিয়া।
প্রো-ভিসি (একাডেমিকস) অধ্যাপক মামুনের সঙ্গে বৈঠকের কথাও জানান ডাকসুর এ সদস্য। তাঁর দাবি, প্রো-ভিসি বিষয়টি তত্ত্বাবধান করছেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবেন বলে আশ্বাস দিয়েছেন। বর্তমানে এ উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের হাতে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাফিয়া জানান, আইসিটি সেল ইতোমধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট বিভাগগুলো ওয়েবসাইট আনলক করলেই মূল্যায়ন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু হলে তা শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।