- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে অ্যাপল প্রতিষ্ঠানটি ৪ মার্চ একটি “স্পেশাল অ্যাপল এক্সপেরিয়েন্স”-এ অংশ নিতে প্রযুক্তি গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে। তবে এবারের আয়োজন প্রচলিত একক কীনোট উপস্থাপনার মতো নাও হতে পারে বলে জানা গেছে।
ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছেন, একদিনে সব পণ্য উন্মোচনের বদলে অ্যাপল টানা তিন দিন ধরে একাধিক ঘোষণা দিতে পারে। অনলাইনে এসব ঘোষণা প্রকাশের পর ৪ মার্চ নিউইয়র্ক, লন্ডন ও সাংহাইয়ে পৃথক সরাসরি আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের নতুন পণ্য হাতে নিয়ে দেখার সুযোগ দেওয়া হতে পারে।
একই ধরনের ইঙ্গিত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক ও ব্লগার জন গ্রুবার । তাঁর মতে, এবারের আয়োজনটি হতে পারে সরাসরি ডেমো ও হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়ার একটি বিশেষ ইভেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল অন্তত পাঁচটি নতুন পণ্য ঘোষণা করতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে একটি স্বল্পমূল্যের ম্যাকবুক, আইফোন ১৭ই, এম চার চিপযুক্ত আইপ্যাড এয়ার নতুন এন্ট্রি-লেভেল আইপ্যাড, উন্নত সংস্করণের ম্যাকবুক এয়ার এবং নতুন ম্যাকবুক প্রো মডেল।
সূত্র বলছে, এসব পণ্য চলতি বসন্তেই বাজারে আসার কথা। তবে কোন পণ্য ঠিক কোন দিনে ঘোষণা করা হবে—তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, একাধিক দিনের ধারাবাহিক ঘোষণা অ্যাপলের জন্য নতুন কৌশল হতে পারে, যা মিডিয়া কাভারেজ দীর্ঘায়িত করার পাশাপাশি প্রতিটি পণ্যের প্রতি আলাদা মনোযোগ নিশ্চিত করবে। এখন দেখার বিষয়, ৪ মার্চের বিশেষ আয়োজন প্রযুক্তি জগতে কতটা সাড়া ফেলে।