Monday, July 6, 2026

কুবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত ১


ছবিঃ চাকা ব্লাস্ট হওয়া বাস ও আহত শিক্ষার্থীর পা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়াকৃত বিআরটিসি বাসের চাকা চলন্ত অবস্থায় হঠাৎ বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হন এবং বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়ে ওঠেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ক্যাম্পাস থেকে কান্দিরপাড়গামী ৩ নম্বর বিআরটিসি বাসটি ফ্লাইওভারের নিচে পৌঁছালে হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। মুহূর্তেই বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন।

এ ঘটনায় বিস্ফোরিত চাকার তাপ ও চাপের কারণে এক শিক্ষার্থীর পায়ে আঘাত লাগে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন; পাশের সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভূঁইয়া বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে চাকা বিস্ফোরিত হয়ে থাকতে পারে। এছাড়া ফ্লাইওভারের নির্মাণকাজ চলায় সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর ছোট অংশও দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, অচেতন হওয়া ছাত্রী এবং আহত শিক্ষার্থী দুজনই বর্তমানে সুস্থ রয়েছেন।

এ বিষয়ে বিআরটিসি কুমিল্লা ডিপোর ব্যবস্থাপক আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনার খবর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসটি দ্রুত মেরামতের পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বিআরটিসি বাসগুলোর ফিটনেস নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে এটিই প্রথম এমন ঘটনা। বর্তমানে নতুন বাসের সংকট রয়েছে। সরকার নতুন বাস বরাদ্দ দিলে বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলো সরবরাহ করা সম্ভব হবে।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে বিষয়টি খতিয়ে দেখছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন