Thursday, April 30, 2026

কোনাবাড়ীতে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে এএসআই প্রত্যাহার


ছবিঃ কোনাবাড়ী থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হককে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্রত্যাহার করা হয়।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

অভিযোগকারী মো. দেলোয়ার হোসেন, পেশায় একজন ব্যবসায়ী, জানান—২৬ এপ্রিল রাত ১০টার দিকে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় নিজ কর্মস্থল থেকে ফেরার পথে ছিলেন। রুবেল ফিলিং স্টেশনের বিপরীতে একটি অটোরিকশা থেকে নামার পরপরই আরেকটি অটোরিকশা এসে তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে তাকে বাইমাইল হরিণচালা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ অর্থ আদায় করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তার কাছে থাকা ২৮ হাজার ৪০০ টাকা নিয়ে নেওয়া হয়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও অর্থ উত্তোলন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার সময় সিফাত নামের আরেক তরুণও সেখানে ছিলেন বলে জানা যায়। তার কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করা হয় এবং পরে তার পরিবারের মাধ্যমে কিছু টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। তবে ওই তরুণ বিস্তারিত কিছু বলতে রাজি হননি, কেবল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দেলোয়ারের অভিযোগ অনুযায়ী, অর্থ নেওয়ার পর তাকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে জানালে বিপদের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়। পরবর্তীতে কিছু অর্থ ফেরত দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি গভীর রাতে কয়েকজন পুলিশ সদস্য তার বাসায় গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন বলেও তিনি দাবি করেন।

তবে অভিযুক্ত এএসআই আজিজুল হক এসব অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন