- ২৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পরিকল্পিত অভিযানে বিপুল পরিমাণ গুলিসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় একটি চক্র অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের গুলি কেনাবেচা করছে—এমন তথ্যের ভিত্তিতে নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র্যাব সদস্যরা ক্রেতা সেজে চক্রটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং নির্দিষ্ট স্থানে লেনদেনের সময় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন—মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজন স্থানীয় এবং অপরজন পাশের জেলার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৬৮ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, এসব গুলি পিস্তল ও রিভলবারে ব্যবহারের উপযোগী এবং বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আনোয়ার হোসেন জানান, অভিযানের অংশ হিসেবে আগে থেকেই গুলির দরদাম ঠিক করা হয় এবং লেনদেনের সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চক্র ভাঙতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।