Thursday, October 1, 2026

ক্লাসরুমে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তিনবার আছাড়, অভিভাবক আটক


ছবিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় দিচ্ছেন সহপাঠীর বাবা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও তিনবার আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদ শেখকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষ হওয়ার পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার একই শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার জেরে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে ক্ষুব্ধ হন নাহিদ শেখ।

পরে বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে গিয়ে সরাসরি ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি সহপাঠী হাবিবকে ধরে মারধর করেন এবং একপর্যায়ে তাকে মেঝেতে পরপর তিনবার আছাড় দেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ছুটে যান। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে নিজের কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান।

খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। ওই ঘটনার জেরে একজন শিক্ষার্থীর অভিভাবক শ্রেণিকক্ষে ঢুকে অন্য শিক্ষার্থীকে মারধর করেছেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করে একজন শিক্ষার্থীকে মারধর করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন