- ০১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশ পাওয়ার পরও চূড়ান্ত গেজেটে নাম না থাকা ৪৬ প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আগামী ৫ অক্টোবর এসব প্রার্থীর গেজেট প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৬৬৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনের বিষয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্য করা হয়নি এবং নিয়োগের প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ব্যক্তিকে বৈষম্যের শিকার হতে হবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে অঙ্গীকার সরকার করেছে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই গেজেটে পিএসসির সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।
পিএসসি এর আগে জানিয়েছিল, ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তবে চূড়ান্ত গেজেট প্রকাশের পর দেখা যায়, সাময়িকভাবে মনোনীত ৫৭ জনের নাম সেখানে নেই।
এ নিয়ে প্রশ্ন ওঠার পর পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, কমিশন মূলত সুপারিশকারী কর্তৃপক্ষ। নিয়োগ দেওয়ার দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয় এবং নিয়োগসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তও তাদের।
সংশ্লিষ্টদের মধ্যে ৪৬ জনের গেজেট প্রকাশের ঘোষণা এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। ফলে সোমবারের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগসংক্রান্ত জটিলতার অবসান হবে বলে আশা করা হচ্ছে।