Monday, February 23, 2026

খুলনা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু


ফাইল ছবিঃ নজরুল ইসলাম মঞ্জু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনা সিটি করপোরেশন–এ পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় অবস্থানরত নজরুল ইসলাম মঞ্জু সোমবার দুপুরে গণমাধ্যমকে জানান, সরকারের দেওয়া দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, দৈনন্দিন ভোগান্তি কমানো এবং একটি নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই তাঁর অগ্রাধিকার থাকবে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় নজরুল ইসলাম মঞ্জু ২৮ বছর খুলনা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে ছিলেন। এর মধ্যে ১৬ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে বিজয়ী হন তিনি। পরবর্তী নির্বাচনগুলোতে প্রার্থী হলেও জয় পাননি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে খুলনা মহানগর বিএনপির কমিটি পুনর্গঠনের পর নেতৃত্বের পরিবর্তনকে ঘিরে তাঁর সঙ্গে বর্তমান কমিটির দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তবে দলীয় পদ না থাকলেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় হিসেবে দেখছেন। একই সঙ্গে দলীয় ঐক্য জোরদারের আহ্বানও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসক হিসেবে তাঁর নিয়োগ নগর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সামনে সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক কৌশল ও দলীয় অবস্থানেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন