Monday, February 23, 2026

শেরপুরে অবৈধ মজুতের অভিযোগে ২৬ টন ইউরিয়া সার জব্দ


ছবিঃ ট্রাক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে প্রায় ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিসি ও বিসিআইসি’র স্টিকার ব্যবহার করে নকলায় আসে। তবে ট্রাকে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সারের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ট্রাকটি একটি নির্দিষ্ট স্থানে সার নামানোর চেষ্টা করে। পরে সেখানে ব্যর্থ হয়ে অন্যত্র সারের বস্তা সরানোর সময় স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে চালক ও কথিত মালিকপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে অন্য এলাকা থেকে আনা হয়েছে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল।

খবর পেয়ে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সারগুলো জব্দ করেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, কৃষকদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। অবৈধ মজুত ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন