Monday, February 23, 2026

কক্সবাজার-২ আসনের এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা ও ভাঙচুর


ছবিঃ একটি গাড়ির ধাক্কায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনাকবলিত গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এমপি কুতুবদিয়া সফর শেষে মহেশখালীতে ফিরছিলেন। পথিমধ্যে বহরের সর্বশেষ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারী শিশুকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

নিহত মোহাম্মদ ওয়াদিল (৭) স্থানীয় প্রবাসী আমান উল্লাহর ছেলে। সে এলাকার একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বহরে থাকা মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল জানান, এমপিকে বহনকারী গাড়িটি সামনের দিকে ছিল। পেছনের একটি গাড়ির দুর্ঘটনার খবর পেয়ে এমপি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে তাকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি।

একই গাড়িতে থাকা সাংবাদিক ফারুক ইকবাল বলেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় এমপির গাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানান, এমপির ব্যক্তিগত গাড়ি নয়, বহরের একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে বদরখালী এলাকায় রয়েছে।

এদিকে, ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন