- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নড়াইল
নড়াইল সদর উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ভোরের দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি। সংঘর্ষের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।