- ২১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার কার্যালয়টিতে এসে পতাকা উত্তোলন করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি বোরকা পরিহিত অবস্থায় ভবনে প্রবেশ করেন এবং একপর্যায়ে ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করে দ্রুত সেখান থেকে সরে যান।
ঘটনার বিষয়ে জানতে আলতাফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।